সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে এই হত্যাকাণ্ডের পর পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সোমবার সকালে নিহত ব্যক্তির ভাই রতন আলী খান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত ইলিয়াস খান (২৬) রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকার বাসিন্দা। পুলিশ গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, তাঁরা ওই গ্রামেরই মো. রাসেল (৪২) ও সোহেল খান (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। সেই সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইলিয়াস। দ্রুত তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রোববার রাতেই রায়গঞ্জ থানার পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান শুরু করে। এই অভিযানে সিরাজগঞ্জ সদর এলাকা থেকে মো. রাসেল এবং কামারখন্দ থানা এলাকা থেকে মো. সোহেল খানকে আটক করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান মুক্তকণ্ঠকে জানান, "আজ সকালে মামলার পর আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।"