১৮ বছরের আন্দোলনের মাধ্যমে অর্জিত দেশের পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই মুহূর্তে দেশের গণতন্ত্র রক্ষাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আজ সোমবার (২০ জুলাই) রাজধানী ঢাকায় গণতন্ত্র ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত ‘শিক্ষা বিস্তারে অন্তরায় মাদক ও আওয়ামী দোসরের গভীর ষড়যন্ত্র’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তন এলেও বর্তমানে মাদক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা।
বর্তমান প্রেক্ষাপটে মাদকবিরোধী শক্ত অবস্থান নির্ধারণ করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন দুদু। তিনি বলেন, বিগত সরকার ছিল ফ্যাসিস্ট ও শতভাগ গণবিরোধী, যার প্রধান ছিলেন শেখ হাসিনা। সেই সময়ও মাদক ছিল, এখনো আছে। আমরা যদি সরাসরি সত্য কথা না বলি, তবে এই ব্যাধি দূর করা সম্ভব নয়।
নিজের এলাকার বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, আমি যে গলিতে থাকি, সেখানে মাদকের দাপট এতটাই ভয়াবহ যে সাধারণ মানুষের চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। অন্যায়ের বিরুদ্ধে কিছু বলাও যাচ্ছে না। স্থানীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার করলেও ছোট গলির এই চিত্র যদি সারা দেশের হয়, তবে বুঝতে হবে দেশ এক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
শামসুজ্জামান দুদু সতর্ক করে বলেন, মাদক দেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, আন্দোলন এবং রক্তে অর্জিত সমস্ত পরিবর্তনকে ধ্বংস করে দিতে পারে। মাদক সিন্ডিকেটের পেছনে থাকা ব্যক্তিরা অত্যন্ত ক্ষমতাশালী ও বিত্তবান হওয়ায় তারা যেকোনো কিছুকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখায়। তাই যেকোনো মূল্যে তরুণ-তরুণীদের মাদক থেকে মুক্ত করার কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে আমাদের যেকোনো শর্তে এবং যেকোনো মূল্যে তাঁর পাশে দাঁড়াতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে। তা না হলে এসব আলোচনা কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যাবে।
সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেন, মাদকের পাশাপাশি আরেকটি চক্রান্তকারী ফ্যাসিস্ট শক্তি দেশ যেন সুন্দরভাবে এগিয়ে যেতে না পারে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, মহলবিশেষ এই দেশটাকে ধ্বংস করতে চায় এবং পার্শ্ববর্তী দেশও ওত পেতে বসে আছে। সাম্প্রতিক নানা সংবাদের মাধ্যমে স্পষ্ট হচ্ছে—কারা অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল। এই সংকটময় অবস্থায় দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বর্তমান সরকার ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার তাগিদ দেন।
আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক এবং জিয়া নাগরিক সংসদের সিনিয়র সহ-সভাপতি ডা. আনিসুল আউয়াল প্রমুখ।