যশোরের শার্শায় একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার গোগা গ্রামের সালামের মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মিদুল হাসান (নাহিদ) এবং একই গ্রামের সোহাগ হোসেন (উষা)। দুর্ঘটনায় তাঁদের সঙ্গে থাকা একই গ্রামের রুবেল হোসেন আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কের সালামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
গুরুতর আহত আরোহী রুবেলকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনাকবলিত ট্রলিটি পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দেননি।"