প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রাশেদ খাঁন। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক ছিন্ন করার শর্তে রাশেদ খাঁনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টির সময়সীমা—এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে বলে জানানো হয়।

নতুন এই দায়িত্ব প্রাপ্তির বিষয়ে আজ সোমবার বেলা সাড়ে ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন রাশেদ খাঁন। স্ট্যাটাসে তিনি এই নিয়োগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি।