দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকলেও পেশাগত ব্যস্ততায় কোনো আপস করেননি বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’র শুটিংয়ে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। এমনকি ছবির জটিল ও কঠিন অ্যাকশন দৃশ্যগুলোতেও অভিনয় করছেন এই তারকা।

ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, দীপিকা প্রায় প্রতিদিনই ‘রাকা’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি কর্মঘণ্টা আট ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার পক্ষে কথা বললেও, ছবির কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পূর্ণ মনোযোগ দিয়েছেন তিনি। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে শুটিং সম্পন্ন করার লক্ষ্যে রাতের শিফটেও কাজ করছেন দীপিকা এবং শারীরিকভাবে চ্যালেঞ্জিং অ্যাকশন দৃশ্যগুলোতে অংশ নিচ্ছেন।

ছবির একটি সূত্র জানিয়েছে, “মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে ছবির কাজ শেষ করার ব্যাপারে দীপিকা খুবই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। অনেক অ্যাকশন দৃশ্যই অত্যন্ত কঠিন ও পরিশ্রমসাধ্য। কিন্তু সব চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি সেগুলো সফলভাবে শেষ করছেন। সেটে তাঁর নিষ্ঠা সবার জন্যই প্রেরণা। এ ছাড়া বাড়িতে দেড় বছর বয়সী মেয়ের প্রতিও তিনি সমান মনোযোগ দিচ্ছেন।”

অ্যাটলি পরিচালিত ‘রাকা’ একটি বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর ফ্যান্টাসি অ্যাকশন মুভি। এতে দীপিকার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। বিশাল বাজেট, অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট এবং জমকালো অ্যাকশনের কারণে ২০২৭ সালের সবচেয়ে প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া চলচ্চিত্রের একটি হিসেবে এটিকে গণ্য করা হচ্ছে।

বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, অ্যাটলির পূর্ববর্তী কিছু সিনেমার মতো এখানেও আল্লু অর্জুনকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আন্তর্জাতিক মানের একাধিক ভিএফএক্স স্টুডিও এই প্রজেক্টে কাজ করছে বলে জানা গেছে, যা এটিকে ভারতীয় সিনেমার অন্যতম বড় প্রযুক্তিনির্ভর প্রযোজনা হিসেবে প্রতিষ্ঠিত করছে। ছবির সংগীত পরিচালনা করছেন তরুণ সুরকার সাই অভ্যাঙ্ককর। তিনি সম্প্রতি জানান, আল্লু অর্জুনের মতো তারকার সামনে নিজের সুর উপস্থাপন করতে তিনি শুরুতে বেশ নার্ভাস ছিলেন।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা। বিভিন্ন প্রতিবেদনে ডিসেম্বর ২০২৭-কে সম্ভাব্য মুক্তির সময় হিসেবে উল্লেখ করা হলেও নির্মাতারা এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা করেননি।

উল্লেখ্য, এটি দীপিকার জন্য প্রথম নয়। প্রথম সন্তানসম্ভবা থাকাকালেও তিনি ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংগাম অ্যাগেইন’-এর ক্লাইম্যাক্সের অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন। নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’-তে তাঁর সহশিল্পী ছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন ও কমল হাসান। অন্যদিকে, রোহিত শেঠির ‘সিংগাম অ্যাগেইন’-এ তিনি অভিনয় করেছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং ও টাইগার শ্রফের সঙ্গে।