দিনাজপুরের হিলি স্থলবন্দরের সামনে ব্যস্ত সড়কের পাশে একা বসে কাঁদছিল দুই বোন—৮ বছর বয়সী জিমি ও ৩ বছর বয়সী জান্নাতি। গতকাল রোববার সকাল ১০টার দিকে তাদের কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। কান্নার কারণ জানতে চাইলে জিমি বলেন, ‘মা মোক কলো (বলল), তোরা এ্যাটে (এখানে) বসে থাকো, মুই ট্যাকা নিয়ে আওছো (আসছি)। ম্যালাক্ষণ হইছে, মা এহনো আসোছে না।’

তদন্তে জানা গেছে, শিশু দুটি হাকিমপুর উপজেলার কাঁকড়াবালী গ্রামের জীবন মিয়া ও শাহানাজ পারভীনের সন্তান। পুলিশ সূত্রে জানা গেছে, জীবন মিয়া মাদকাসক্ত এবং তিনি স্ত্রী-সন্তানের ভরণপোষণ বা খোঁজখবর রাখেন না। অভাব-অনটনের সংসারে স্বামীর সঙ্গে শাহানাজের প্রায়ই ঝগড়া হতো। গত ১৭ জুলাই রাতে এক ঝগড়ার পর জীবন মিয়া ঢাকার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে চলে যান। ওই রাতেই শাহানাজ তার তিন সন্তানকে নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাগুরা গ্রামে তার বাবার বাড়িতে চলে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, “গতকাল সকালে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান শাহানাজ। একপর্যায়ে রাগ করে কোলের ছেলেসন্তান ও দুই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।” এরপর হিলি স্থলবন্দরের সামনের সড়কের পাশে দুই মেয়েকে রেখে কোলের শিশুটিকে নিয়ে তিনি পুনরায় বাবার বাড়িতে ফিরে যান।

সড়কের পাশে শিশুদের কাঁদতে দেখে স্থানীয়রা তাদের খাবার কিনে দেন এবং বিষয়টি হাকিমপুর থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, পুলিশ হিলি স্থলবন্দরের সামনের সড়ক থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে। জিমির দেওয়া তথ্য ও স্থানীয়দের সহায়তায় গতকাল বিকেলে পুলিশ জয়পুরহাটে তাদের নানির বাড়িতে পৌঁছায়। সেখানে শাহানাজ পারভীনের মা আরজিনা বেগম, ভাই আলী এবং গ্রামবাসীর উপস্থিতিতে দুই শিশুকে তাদের মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।