ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বসানো ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে ঢুকে পড়েছেন অসংখ্য মানুষ। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নীলক্ষেত সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের গেট এবং শাহবাগ থানা সংলগ্ন এলাকায় বসানো ব্যারিকেডগুলো ভেঙে ভেতরে প্রবেশ করছেন লোকজন।

বিএনসিসির কয়েকজন সদস্য মুক্তকণ্ঠকে জানান, "বহিরাগত লোকজনের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকেন।"

ঘটনাটি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতনকে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রাতে ক্যাম্পাসে অতিথি ও যানবাহন প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, "বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি ও যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।"

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করে যে, "বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"