১০টি স্বর্ণ পদক, ১টি রৌপ্য ও চারটি জাতীয় রেকর্ডসহ দেশসেরা সাঁতারু পদক পাওয়া ফাতিহা মাহতাব মাইশাকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।
এ উপলক্ষে সোমবার (২০ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী ফুলেল শুভেচ্ছা জানিয়ে মাইশার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
মাইশা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী মাহতাব উদ্দিন মাসুম ও সামছুন নাহার পপির কন্যা।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় বালিকা বিভাগে ১৩-১৪-বৎসর গ্রুপে মাইশা ১০টি স্বর্ণ, ১টি রৌপ্য পদকসহ ৪টি জাতীয় রেকর্ডসহ দেশ সেরা সাঁতারু পদক পায় মাইশা।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মাইশার সাফল্যে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, মাইশার এই অর্জন শুধু মুন্সীগঞ্জ নয়, দেশের জন্যও গর্বের।
মাইশা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে দেশ ও জেলার সুনাম বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।