ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধ করতে খেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "১৯ জুলাই দিবাগত রাত ১টায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসে দুটি বড় পর্দায় খেলা দেখানো হয়। খেলার সময় বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট নয় এমন অনেক মানুষের সমাগম ঘটে, যা নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে খেলা চলাকালে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।"
প্রশাসন আরও জানিয়েছে, খেলা দেখার সময় শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখতে হবে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তাসংক্রান্ত সকল নির্দেশনা মেনে চলতে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।