আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন এক ফেসবুক পোস্ট নিয়ে কয়েক দিন ধরে চলছে আলোচনা। ভক্তরা কেউ শুভকামনা জানিয়েছেন, কেউ আবার পাত্র হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন—এমনটাই জানা গেছে পরীমনির কথায়। তবে ফাইনালের আগে এসে সেই ‘বিয়ে’ নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন পরীমনি।
.আজ রোববার দুপুরে কথা হয় পরীমনির সঙ্গে। হাসতে হাসতেই তিনি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।’
.‘আমরা প্রেমে ছিলাম কি না, কেউ জানতে চায়নি’—সাকলায়েন প্রসঙ্গে পরীমনি.আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মজাচ্ছলে দেওয়া সেই পোস্টই এখন আলাদা আলোচনার বিষয় হয়েছে। তবে বিয়ের পথে আরেকটি বড় বাধার কথাও জানালেন পরীমনি। তিনি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়েশাদি করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’ অর্থাৎ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও বিয়েটা যে সঙ্গে সঙ্গেই হচ্ছে না, সে ইঙ্গিত নিজেই দিয়ে রাখলেন এই অভিনেত্রী।
.আমি জেলখাটা পাবলিক: পরীমনি.আজ রাতে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। আর্জেন্টিনার সমর্থক হিসেবে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরীমনি। তবে প্রতিপক্ষ স্পেনের পারফরম্যান্সও তাঁকে ভাবাচ্ছে। পরীমনি বলেন, ‘লড়াইটা হবে। স্পেন খুব ভালো খেলছে। তবে মন বলছে, শেষ পর্যন্ত বিশ্বকাপটা মেসির হাতেই উঠবে। আর আমি চাই, আর্জেন্টিনা জিতুক, মেসি গোল্ডেন বুট পাক।’
.বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদ্যাপন করেছেন সামাজিক যোগযোগমাধ্যমে। আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন নানা পোস্টে। গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’
.মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজার হাজার শেয়ারে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। এরপর ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর হ্যারি কেইনকে নিয়েও আরেকটি মজার পোস্ট দেন পরীমনি, যা ভক্তদের মধ্যে আরও কৌতূহল তৈরি করে। তবে এখন পরিস্থিতি এমন যে আর্জেন্টিনার ট্রফি জয়ের সম্ভাবনার পাশাপাশি ভক্তদের কৌতূহল আরেকটি প্রশ্নেও—আসলেই কি আবার বিয়ে করবেন পরীমনি?