বলিউড সুপারস্টার সালমান খানের শারীরিক সুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ভিডিও ভাইরাল হওয়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অনেকের মতে, আগের তুলনায় অভিনেতাকে বেশ রোগা, ক্লান্ত এবং নীরব দেখাচ্ছে।
মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির (এসআরএ) ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সালমান খান। সেই অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ দাবি করেন, অভিনেতার ওজন অস্বাভাবিক হারে কমেছে এবং তাঁর চিরচেনা পেশিবহুল গড়ন এখন আর নেই। অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, অভিনেতাকে আগের মতো প্রাণবন্ত লাগছে না। তবে অন্য একদল ভক্ত সতর্ক করে জানিয়েছেন, মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়।
উল্লেখ্য, এর আগে আমির খানের প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিতির পর প্রথমবার সালমানের অসুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন শোনা গিয়েছিল, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে নারাজ অভিনেতা এবং পরিবারের অনুরোধ উপেক্ষা করে তিনি কেবল তাঁর হাতে থাকা প্রজেক্টগুলোর কাজ শেষ করার দিকে মনোনিবেশ করছেন।
স্বাস্থ্য নিয়ে যখন চারদিকে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করেন সালমান খান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপ লোগো কি তাবিয়ত ক্যায়সি হ্যায়?’ (আপনাদের শরীর কেমন আছে?)
পোস্ট করার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। ভক্তদের একাংশের ধারণা, নিজের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনেরই ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন অভিনেতা। আবার কেউ কেউ মনে করছেন, এটি কেবল ভক্তদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগের একটি প্রচেষ্টা।
পোস্টটি প্রকাশের পর ভক্তরা আবারও সালমান খানের প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা দিচ্ছেন এবং ভিত্তিহীন গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। অতীতে বিভিন্ন শারীরিক সমস্যার কথা জানালেও, সাম্প্রতিক ভিডিও ঘিরে ওঠা নতুন গুঞ্জন সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি এই অভিনেতা।