লাল, কালো ও সাদা রঙের পোশাকে মঞ্চ মাতাল করল কে-পপ ব্যান্ড বিটিএস। গতকাল রোববার ফিফা বিশ্বকাপের ফাইনালে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হাফটাইম শোতে পারফর্ম করে এই জনপ্রিয় ব্যান্ডটি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচের বিরতিতে বিটিএসের এই বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হয়।
‘রেড ডেভিলস’ সমর্থকদের রঙের অনুপ্রেরণায় জিমিন, জাংকুকরা কালো, লাল ও সাদা পোশাক পরেছিলেন। তারা তাদের জনপ্রিয় ইংরেজি গান ‘ডায়নামাইট’-এর একটি সংক্ষিপ্ত সংস্করণ পরিবেশন করেন। উল্লেখ্য, ২০২০ সালে প্রকাশিত এই গানটি বিলবোর্ড হট ১০০ তালিকায় বিটিএসের প্রথম ১ নম্বর গান ছিল।
বিশ্বকাপের এই বিশেষ আয়োজনের কথা মাথায় রেখে গানের কথায় কিছু পরিবর্তন আনা হয়। গানের ‘কিক দ্য ড্রাম’-এর জায়গায় ব্যবহার করা হয় ‘কিক দ্য বল’ এবং ‘আ গেম অব পিং পং’-এর বদলে বলা হয় ‘আ গেম অব ফুটবল’।
গ্লোবাল সিটিজেনের সঙ্গে যৌথভাবে এই হাফটাইম শোর আয়োজন করা হয়, যার পরিকল্পনা করেছিলেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। অনুষ্ঠানে বিটিএস ছাড়াও পারফর্ম করেন ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা ও বার্না বয়। পাশাপাশি শো-তে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের কথা তুলে ধরা হয়, যা বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বৃদ্ধিতে কাজ করে।
পারফরম্যান্সের পর বিগ হিট মিউজিকের মাধ্যমে বিটিএস জানায়, বিশ্বকাপ ফাইনালের প্রথম হাফটাইম শোতে পারফর্ম করতে পারা তাদের জন্য সম্মানের। বিটিএস বলেছে, ‘ছোটবেলা থেকেই আমরা বিশ্বকাপ দেখে আসছি। এই মঞ্চে অসাধারণ সব শিল্পীর সঙ্গে দাঁড়ানোটা স্বপ্নের মতো মনে হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের আর্মিদের (বিটিএসের ভক্তগোষ্ঠী) সমর্থনের কারণেই আমরা এখানে আসতে পেরেছি।’
বিটিএসের জন্য এই আয়োজন একটি বড় মাইলফলক। ২০২২ সালে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সদস্য জাংকুক ‘ড্রিমার্স’ গান পরিবেশন করেছিলেন। চার বছর পর এবার বিশ্বকাপের ফাইনালের হাফটাইম শোতে সাত সদস্যের পূর্ণাঙ্গ দল হিসেবে তারা ফিরে এল।
‘আরিরাং’ বিশ্ব সফরের ইউরোপ পর্ব শেষ করার এক দিন পরই এই পরিবেশনায় অংশ নেয় বিটিএস। মাদ্রিদ, ব্রাসেলস, লন্ডন, মিউনিখ ও প্যারিস—এই ৫ শহরের ১০টি কনসার্টে প্রায় ৭ লাখ ১৭ হাজার দর্শক উপস্থিত ছিলেন। আগামী ১ ও ২ আগস্ট মেটলাইফ স্টেডিয়ামে দুটি কনসার্টের মাধ্যমে উত্তর আমেরিকা পর্ব শুরু করবে বিটিএস, যা সেপ্টেম্বরের শুরু পর্যন্ত চলবে।