দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের আলোচিত সেই কনসার্ট।

এর আগে ২৬ জুন একই ভেন্যুতে এই অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছিল। সে সময় আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছিল, জটিলতা কাটিয়ে নতুন তারিখে কনসার্টটি আয়োজন করা হবে। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে যাচ্ছে।

অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে আরিফা শবনম জানিয়েছেন, ‘এবার কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি চূড়ান্ত। কয়েক দিনের মধ্যেই টিকিট বিক্রি শুরু হবে। আগেরবারের তুলনায় টিকিটের মূল্যও কিছুটা কম রাখার পরিকল্পনা রয়েছে।’

পূর্ববর্তী কনসার্টের টিকিট ক্রেতাদের বিষয়ে আরিফা শবনম বলেন, ‘যতদূর জানি, ৪০ জন ছাড়া আয়োজকদের কাছ থেকে টিকিট কেনা প্রায় সবাই টাকা ফেরত পেয়েছেন। তবে নতুন কনসার্টে পুরোনো টিকিট ব্যবহার করা যাবে না। দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে।’

জানা গেছে, চার হাজারের মতো দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারেই অনুষ্ঠিত হবে ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টটি। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, অনুপম রায়ের পাশাপাশি বাংলাদেশের একজন শিল্পী বা একটি ব্যান্ডও একই মঞ্চে পরিবেশনা করবে, তবে সেই শিল্পীর নাম এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সব অনুমোদন সম্পন্ন হয়েছে। গানপ্রেমীদের জন্য একটি স্মরণীয় সংগীত সন্ধ্যা উপহার দিতে চায় আয়োজক প্রতিষ্ঠান।