স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ রোববার বিকেলে তিনি ঢাকা ত্যাগ করেন।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ও ২১ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এই সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে মূলত স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তদেশীয় অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং সমন্বিত যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সম্মেলনে উপস্থিত থাকবেন।

সফরকালে আইজিপি রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগামী ২২ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।