প্রিয় দল ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ফুটবল উন্মাদনা এখনো কাটেনি চিত্রনায়ক শরীফুল রাজের মনে। আজ রাতের ফাইনাল ম্যাচটি ঘিরে তিনি যেমন চিন্তিত, তেমনি উচ্ছ্বসিত। তাঁর মতে, আজ রাতে বিশ্বকাপের অন্যতম সেরা এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, যার অপেক্ষায় তিনি প্রহর গুনছেন।

ম্যাচটি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে শরীফুল রাজ বলেন, ‘আমি দুই দলের খেলা নিয়েই এক্সসাইটেড। দুটোই এখন সেরা। এই খেলায় কী হবে বলা খুবই কঠিন। এই লড়াইটা দেখার জন্য অস্থির হয়ে আছি। আমার মনে হয়, এমনও হতে পারে, এই খেলা দেখে অনেকেই স্ট্রোক করতে পারেন। তবে চাই, ভালো একটি ম্যাচ হোক। সেই ম্যাচটা সবার কাছে সেরা হয়ে থাকুক।’

আজকের ম্যাচে কোন দল জয়ী হবে—এমন প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘এমন একটা অবস্থা, দুটো দলই ভালো। দুর্দান্ত তাদের খেলা। নিজেদের তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। দেখিয়েছে, কেউ কারও চেয়ে কম নয়। পরিশ্রম করে খেলেই তারা ফাইনালে এসেছে। আর্জেন্টিনাও ভালো আবার স্পেনও ভালো। দুই দলের যে ভালো খেলবে, সেই জিতবে। কেউ জিতলেই খুশি।’ কথাটি বলে হাসেন এই অভিনেতা।

শরীফুল রাজ জানান, খেলা শুরুর আগেই তিনি ব্রাজিলের জার্সি গায়ে নিজের সমর্থকত্বের কথা জানিয়ে দিয়েছিলেন। প্রিয় দলের প্রস্থানে মন খারাপ থাকলেও ভবিষ্যতে ব্রাজিল আরও শক্তিশালী হয়ে ফিরবে বলে আশা করেন তিনি। বর্তমানে ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত দুই তারকা মেসি ও ইয়ামালের মধ্যে কার হাতে কাপ দেখতে চান জানতে চাওয়া হলে রাজ বলেন, ‘সময় হলে সবাই জানতে পারবেন’।

এরপর তিনি আরও যোগ করেন, ‘দেখুন, আমি ব্রাজিল সমর্থন করলেও মেসির খেলা ভালো লাগে। আমার ভালো লাগবে আবার মেসির হাতে কাপ দেখতে। তবে তরুণ খেলোয়াড় ইয়ামালও ভালো খেলছে। তারা কাপ পেলেও অবিশ্বাস্য বা অঘটন কিছু হবে না। আজ মাঠের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটি দেখার অপেক্ষায় রয়েছি।’