ঢাকার সাভারে গ্যাসসংকট নিরসনসহ বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগ কার্যালয়ের সামনে আজ রোববার দুপুরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

পরে সমস্যা সমাধানের দাবিতে তাঁরা তিতাস কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন।

.

আজ দুপুর পৌনে ১২টার দিকে সাভারের জালেশ্বর এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের সামনে জড়ো হন পৌর সভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি এলাকার ভুক্তভোগী গ্রাহকেরা। পরে তাঁরা সেখানে গ্যাসসংকট নিরসনসহ বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ করেন।

ভুক্তভোগীরা দাবি করেন, প্রায় এক বছর ধরে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্যাসসংকটে রয়েছেন। প্রায় দুই মাস ধরে তাঁরা গ্যাসই পাচ্ছেন না। নিয়মিত গ্যাস বিল দিচ্ছেন। বাসাবাড়িতে গ্যাস না পাওয়ায় লাকড়ির চুলা এবং বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে হচ্ছে তাঁদের।

.
কোন এলাকায় কোন সংযোগ থেকে এ সমস্যা তৈরি হয়েছে, সেটি চিহ্নিত করে সেই লাইনে গ্যাসের প্রেশার (চাপ) বাড়িয়ে কীভাবে সমস্যার সমাধান করা যায়, সে চেষ্টা করা হবে।
সাখাওয়াত হোসেন, তিতাস গ্যাসের উপব্যবস্থাপনা পরিচালক (গাজীপুর)
.

মানববন্ধন ও বিক্ষোভ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (গাজীপুর) সাখাওয়াত হোসেনের কাছে সমস্যা সমাধানে স্মারকলিপি দেন। এ সময় তাঁরা সমস্যা সমাধানে তিন দিনের সময়সীমা বেঁধে দেন।

সাখাওয়াত হোসেন বলেন, ভুক্তভোগীরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। কোন এলাকায় কোন সংযোগ থেকে এ সমস্যা তৈরি হয়েছে, সেটি চিহ্নিত করে সেই লাইনে গ্যাসের প্রেশার (চাপ) বাড়িয়ে কীভাবে সমস্যার সমাধান করা যায়, সে চেষ্টা করা হবে। দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।