চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা মাহবুবুর রহমান শামীম। তিনি চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রেরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদের মধ্যে ৬২টিতেই প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো; বর্তমানে কেবল ঠাকুরগাঁও জেলা পরিষদ বাকি রয়েছে।

নিয়োগের বিষয়ে আজ দুপুরে মুক্তকণ্ঠর সঙ্গে আলাপকালে মাহবুবুর রহমান শামীম বলেন, ‘আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য কাজ করে যাব।’

উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন মাহবুবুর রহমান শামীম। তবে ওই আসনে জয়লাভ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।