বাংলা: বর্ণনামূলক প্রশ্ন

প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, বাংলা বিষয়ে দরকারি বর্ণনামূলক প্রশ্নগুলো দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়বে।

প্রশ্ন: বাংলাদেশে বসবাসকারী মানুষের ভাষা বৈচিত্র্যময় কেন?

উত্তর: বাংলাদেশে নানা জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে থাকে। এদের কেউ বাঙালি, কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গ্যা, কেউবা সাঁওতাল। সবারই রয়েছে নিজস্ব মাতৃভাষা। সবাই তাদের নিজস্ব মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। অর্থাৎ বাঙালি ছাড়া অন্য জাতিগোষ্ঠীর মানুষ এ দেশে বসবাস করে। এ দেশে বসবাসকারী সবাই বাংলাদেশি। এ কারণে বাংলা ছাড়া অন্য জাতিগোষ্ঠীর মানুষের নিজস্ব ভাষাও এ দেশে ব্যবহৃত হয়। তাই বাংলাদেশে বসবাসকারী মানুষের ভাষায় রয়েছে অনেক বৈচিত্র্য।

.

প্রশ্ন: বাংলাদেশের উত্সবগুলো বৈচিত্র্যময় কেন?

উত্তর: বাংলাদেশে রয়েছে উত্সবের বৈচিত্র্য। এখানকার বিভিন্ন ধর্মের মানুষের রয়েছে ভিন্ন ভিন্ন ধর্মীয় উত্সব। যেমন পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা ও বড়দিন। এ ছাড়া বাংলা নতুন বছরকে বরণ করতে বাংলাদেশের মানুষ নববর্ষ উদ্‌যাপন করে। রাখাইন ও চাকমা সম্প্রদায় যথাক্রমে পালন করে সাংগ্রাই ও বিজু উত্সব। এ দেশের মানুষের ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্য থাকায় তাদের উত্সবগুলোও অনেক বৈচিত্র্যে পরিপূর্ণ।

.প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত.

প্রশ্ন: বাংলাদেশ সমৃদ্ধ হওয়ার পেছনে কাদের অবদান রয়েছে?

উত্তর: বাংলাদেশে অনেক পেশার মানুষ রয়েছে। যেমন–

১. কৃষক মাঠে চাষ করেন, খাবার ফলান।

২. জেলেরা জাল দিয়ে মাছ ধরেন।

৩. কামার লোহার জিনিস তৈরি করেন।

৪. কুমার মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন।

৫. তাঁতি কাপড় বোনেন। এ কাপড় আমরা পরিধান করে থাকি।

ওপরের সবাই অনেক পরিশ্রমী। তাঁদের পরিশ্রমেই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছে।

তাই বলা যায়, বাংলাদেশ সমৃদ্ধ হওয়ার পেছনে এসব পেশাজীবীর অবদান রয়েছে।

.ভিসার মেয়াদ নয়, শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ নির্ধারণ হবে নতুন যে নিয়মে.

প্রশ্ন: বাংলাদেশের মানুষের পোশাক-পরিচ্ছদের পরিচয় দাও।

উত্তর: বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর মানুষের পোশাক-পরিচ্ছদে রয়েছে বৈচিত্র্য। এ দেশের মানুষ পায়জামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, শাড়ি-ব্লাউজ ও সালোয়ার-কামিজ ছাড়া নানা ধরনের পোশাক পরে থাকে। চাকমারা পরে থাকে পিনোন ও হাদি; মারমারা পরে দেয়াহ, সাঁওতালরা পরে পাঞ্চি এবং গারোরা পরে দকমান্দা নামের একধরনের পোশাক।

  • খন্দকার আতিক, শিক্ষক
    উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা