রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক বিএনপি নেতা নিখোঁজ হয়েছেন। স্থানীয় একটি বাজারে মুদি মালামাল বিক্রির উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধান না মিললেও কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকা থেকে মালামাল বোঝাই অবস্থায় তাঁর নৌকাটি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নৌকাটি পাওয়া যায়।
নিখোঁজ ব্যক্তির নাম মো. মাসুদ (৫০)। তিনি কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ড শাখা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। পেশায় মুদি ব্যবসায়ী মাসুদ নৌকা নিয়ে স্থানীয় বিভিন্ন বাজারে পণ্য বিক্রি করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত তিনি হ্রদের পানিতে তলিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মাসুদ প্রতি বৃহস্পতিবার কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতেন এবং সাধারণত শুক্রবার বিকেলে অথবা শনিবার সকালে বাড়ি ফিরতেন। গত বৃহস্পতিবারও একইভাবে তিনি বিলাইছড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু গতকাল সকালেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা তাঁর খোঁজ শুরু করেন। এরপর বিকেল চারটার দিকে গর্জনটিলা এলাকায় তাঁর নৌকাটি ভাসমান অবস্থায় দেখা যায়। নৌকায় চাল, ডাল, ডিম ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল ছিল।
মো. মাসুদের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো শাহাবুদ্দিন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "বিলাইছড়ি থেকে নৌকা নিয়ে কাপ্তাই জেটিঘাটে ফেরার পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা যাচ্ছে।"
কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, "গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিস বিষয়টি জানতে পারে। এরপর নৌবাহিনীর ডুবুরি দলসহ আমাদের টিম যৌথভাবে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েছে। তবে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।"
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান মুক্তকণ্ঠকে বলেন, "গতকাল রাত পর্যন্ত নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে পড়ে মো. মাসুদ হ্রদের পানিতে তলিয়ে গেছেন।"