বিশ্ববিখ্যাত লেখক জে আর আর টলকিনের কালজয়ী উপন্যাস ‘দ্য হবিট’-এর প্রথম সংস্করণের একটি বিরল কপি নিলামে ৩৮ হাজার ৪০০ পাউন্ডে (প্রায় ৬৩ লাখ টাকার বেশি) বিক্রি হয়েছে। যুক্তরাজ্যে একটি দাতব্য সংস্থার দোকানে দান করা এই বইটি শেষ পর্যন্ত আকাশচুম্বী মূল্যে বিক্রি হয়।

বইটি ছিল ১৯৩৮ সালে প্রকাশিত প্রথম সংস্করণের দ্বিতীয় মুদ্রণ। বার্মিংহামের হারবর্ন এলাকার অক্সফাম বইয়ের দোকানে এক ব্যক্তি অন্যান্য সাধারণ বইয়ের সঙ্গে এটি দান করেছিলেন। দোকানের এক কর্মী বইটি হাতে পাওয়ার পর এর বিশেষ গুরুত্ব বুঝতে পারেন এবং যাচাইয়ের জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠান। সত্যতা নিশ্চিত হওয়ার পর বইটি নিলামে তোলা হয় এবং ৩৮ হাজার ৪০০ পাউন্ডে বিক্রি হয়।

হারবর্ন অক্সফাম শাখার ব্যবস্থাপক জুলিয়ান গ্রিস্ট বলেন, "টলকিনের বই সংগ্রাহকদের কাছে ভীষণ জনপ্রিয়। শুরুতে একেবারে সাধারণ মনে হলেও অনেক সময় সেগুলো অবিশ্বাস্য দামে বিক্রি হতে পারে। কখনো কখনো কেবল পুরোনো ডাস্ট জ্যাকেটের কারণেই বইয়ের দাম অনেক গুণ বেড়ে যায়।"

প্রাপ্ত তথ্যানুযায়ী, এই সংস্করণের মাত্র প্রায় ২ হাজার ৩০০ কপি ছাপা হয়েছিল এবং এতে টলকিনের আঁকা চারটি রঙিন ছবি রয়েছে।

অক্সফাম জানিয়েছে, বইটি বিক্রি করে প্রাপ্ত অর্থ বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণ কার্যক্রমে ব্যয় করা হবে।