ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে আজ রোববার রাতে ঢাকায় বিশেষ স্ক্রিনিং এবং কনসার্টের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের আওতায় পৃথক দুটি কনসার্টে পারফর্ম করবেন সংগীতশিল্পী প্রীতম হাসান এবং বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব।
কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ কেন্দ্রিক একাধিক ফ্যান ফেস্টে গান গেয়েছেন তিনি। সেই বিশ্বকাপ-যাত্রার ধারাবাহিকতায় এবার তিনি ঢাকার মঞ্চে উঠছেন।
ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সঞ্জয়। কনসার্টটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘ফিফা বিশ্বকাপ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের বাইরে আরও বেশ কয়েকটি মঞ্চে গেয়েছি। এবার ঢাকায় গাইতে এলাম, যেখান থেকে আমার গল্পের শুরু হয়েছিল। এই কনসার্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড।’
ঢাকার এই অনুষ্ঠানে সঞ্জয়ের পাশাপাশি পারফর্ম করবেন ডিজে রিশাদ ও ডিজে তৃষা। জানা গেছে, অনুষ্ঠান শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে সানফ্রান্সিসকোতে তাঁর আরেকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে জমজমাট কনসার্ট, যেখানে পারফর্ম করবেন প্রীতম হাসান। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন জেসিয়া ইসলাম, ফিরোজ জং এবং দ্য ব্রাউন টেস্টামেন্ট। ১৯ জুলাই রাত থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে এই আয়োজন।






