ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। দীর্ঘ সময় ধরে সম্পর্কের বিষয়টি গোপন রাখার পর অবশেষে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি। যুক্তরাজ্যে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এক অন্তরঙ্গ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান।
গত শনিবার ইনস্টাগ্রামে বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ করে এই সুখবরটি জানান জেনিফার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাস্ট ম্যারেড’। এছাড়া অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, ‘...অবশেষে আমাদের নক্ষত্র এক হলো!’
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, গির্জা থেকে হাত ধরাধরি করে বেরিয়ে আসছেন নবদম্পতি, আর তাঁদের ওপর কনফেটি ছুড়ে শুভেচ্ছা জানাচ্ছেন স্বজন ও বন্ধুরা। অন্য একটি ছবিতে তাঁদের একটি পাথরের খিলানের নিচে চুম্বনে আবদ্ধ হতে দেখা যায়। বিয়ের বিশেষ দিনে জেনিফার পরেছিলেন স্ট্র্যাপলেস সাদা ওয়েডিং গাউন ও হালকা ঘোমটা। অন্যদিকে উইলিয়াম নেভি-নীল স্যুটের সঙ্গে ক্রিম রঙের ওয়েস্টকোট পরেছিলেন। ছবি ছাড়াও দম্পতি তাঁদের বিয়ের মুহূর্তগুলো নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে একে অপরের প্রতি ভালোবাসা, হাসি এবং পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন মুহূর্তগুলো ফুটে উঠেছে।
তবে আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে জেনিফারের বিয়ের প্রস্তুতির কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে পোশাকের কাপড় বাছাই, ফিটিং এবং গাউনের নকশা খুঁটিয়ে দেখতে দেখা যায়। একটি ভিডিওতে ডিজাইন দলের শেষ মুহূর্তের কাজের সময় তাঁকে আনন্দে ঘুরে দাঁড়াতে দেখা যায়। এসব ভিডিওর পর অনুরাগীদের মধ্যে বিয়ের যে গুঞ্জন শুরু হয়েছিল, তা ছবির মাধ্যমে নিশ্চিত করা হয়।
জেনিফার উইঙ্গেট ও উইলিয়াম ইসমাইল তাঁদের সম্পর্ক কখনোই প্রকাশ্যে আনেননি। তবে ২০২৬ সালের জুনে প্রথম তাঁদের বিয়ের পরিকল্পনার খবর সামনে আসে। দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, ছুটিতে গিয়ে ইসমাইল জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি তাতে সম্মতি জানান। এরপর থেকেই সেবাপ্রতিষ্ঠান বাছাই থেকে শুরু করে পুরো আয়োজনের জন্য আলাদা ‘মুড বোর্ড’ তৈরি করে ব্যস্ত হয়ে পড়েন জেনিফার। যদিও তিনি কখনো ইসমাইলের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেননি, তবে শেষ পর্যন্ত সেই ইসমাইলকেই বিয়ে করলেন তিনি। ব্রেসলেট থেকে শুরু হওয়া সেই প্রেম শেষ পর্যন্ত পরিণয়ে রূপ নিল।
উইলিয়াম ইসমাইল একজন সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী। বর্তমানে তিনি এমএইচসি ডিজিটাল গ্রুপে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং বিভাগের পরিচালক হিসেবে কর্মরত। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে অর্থনীতি ও অর্থায়নে স্নাতক শেষ করে তিনি ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ট্রেডিং, বৈদেশিক মুদ্রা এবং ব্যবসা সম্প্রসারণ খাতে অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
এর আগে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার উইঙ্গেট। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দিল মিল গ্যায়ে’-এর শুটিং চলাকালীন তাঁদের পরিচয় ও প্রেমের সূত্রপাত হয়। ২০১২ সালের এপ্রিলে তাঁদের বিয়ে হলেও ২০১৪ সালে সেই দাম্পত্যের ইতি ঘটে। পরবর্তীতে ২০১৬ সালে করণ অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন।






