বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। এই হাই-ভোল্টেজ লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মতো উচ্ছ্বসিত ও কিছুটা চিন্তিত জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁর মতে, দুই দলই বর্তমানে দুর্দান্ত ছন্দে থাকায় আগেভাগে কাউকে বিজয়ী ঘোষণা করা কঠিন।
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত বোঝাপড়া এবং বড় ম্যাচ খেলার মানসিকতা কিছুটা বাড়তি সুবিধা দেবে।’
তবে ফাইনাল ম্যাচের ভিন্নতা সম্পর্কে তিনি মনে করেন, অনেক সময় বড় দলগুলো ছন্দ হারিয়ে ফেলে, আবার কেউ কেউ আশানুরূপ খেলে। এই প্রসঙ্গে অভিনেতা আরও জানান, ‘এখানে ছোট একটি ভুলও ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আমি ভালো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছি।’
ম্যাচে গোলসংখ্যা কত হতে পারে, সেই প্রশ্নে জাহিদ হাসান মুক্তকণ্ঠকে বলেন, ‘এটা বলা কঠিন। আমার মনে হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা ম্যাচে ১–শূন্য গোল হবে। আর্জেন্টিনা একটি গোল করবে। স্পেন কোনো গোল করতে পারবে না। আবার আরেকটি প্রেডিকশন আমার কাছে মনে হচ্ছে, গোলসংখ্যা আর্জেন্টিনা ৫, অন্যদিকে স্পেন ৪ গোল করবে।’
দীর্ঘদিন ধরে ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত জাহিদ হাসান ম্যারাডোনার প্রতি শ্রদ্ধার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেন। বর্তমানে তিনি মনে করেন, লিওনেল মেসির আরও একটি বিশ্বকাপ জয় করা উচিত। তবে ফাইনাল ম্যাচে মেসির গোল করার সম্ভাবনা নিয়ে তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘ফাইনাল ম্যাচে মেসিকে দিয়ে গোল করানোর চেয়েও সবাই চাইবে দলকে জেতাতে। হয়তো মেসি কোনো গোল না–ও করতে পারে।’
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স এবং মেসির ব্যক্তিগত নৈপুণ্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জাহিদ হাসান জানান, প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে মেসি। তাঁর বিশ্বাস, এবারও আর্জেন্টিনার কাপ জেতার সম্ভাবনা বেশি। আজ রাত একটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে শেষ হাসি কে হাসবে, এখন সেটাই দেখার বিষয়।






