চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর জেটিতে জাহাজ থেকে কনটেইনার খালাসের সময় এক দুর্ঘটনা ঘটেছে। ক্রেনের তার ছিঁড়ে একটি ৪০ ফুট দীর্ঘ কনটেইনার নিচে থাকা প্রাইম মুভার ট্রেইলারের ওপর আছড়ে পড়ে। এতে কনটেইনারটি ফেটে ভেতরে থাকা বিশাল আকারের কয়েকটি কাঠের গুঁড়ি বাইরে ছিটকে আসে। দুর্ঘটনায় কনটেইনার, গ্যান্ট্রি ক্রেন ও ট্রেইলার ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার রাত পৌনে আটটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনাস্থল ব্যতীত বন্দরের অন্যান্য জেটিতে কনটেইনার ওঠানো-নামানোসহ সব ধরনের স্বাভাবিক কার্যক্রম সচল রয়েছে।

বন্দর কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, সিসিটির ৩ নম্বর জেটিতে নোঙর করা ‘চ্যাং হাই’ জাহাজ থেকে ৪ নম্বর গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে একটি ৪০ ফুটের আমদানি কনটেইনার নামানো হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে স্প্রেডারের তার ছিঁড়ে কনটেইনারটি নিচে অবস্থানরত প্রাইম মুভার ট্রেইলারের ওপর পড়ে। এতে ৪ নম্বর গ্যান্ট্রি ক্রেন, কনটেইনার এবং ট্রেইলারটি ক্ষতিগ্রস্ত হয়।

এই বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম মুক্তকণ্ঠকে বলেন, ‘দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। কী কারণে স্প্রেডারের তার ছিঁড়েছে, তা খতিয়ে দেখতে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘শনিবার রাতেই দুর্ঘটনাকবলিত কনটেইনার অপসারণ ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি উদ্ধারের কাজ শুরু হয়েছে। রোববার সকাল থেকে গ্যান্ট্রি ক্রেনটির মেরামতকাজ শুরু হওয়ার কথা রয়েছে।’