ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রনিউরশিপের (এসবিই) জেনারেল ম্যানেজমেন্ট বিভাগ আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন মেজরের সূচনা করা হয়। একই দিনে ‘ব্রিজিং একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি: মিট, কানেক্ট, লিড’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক তামিম, সহ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড এবং এসবিইয়ের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাইসুল আওয়াল মাহমুদ।
বিশ্বখ্যাত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং আইইউবি জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক মো. মামুন হাবিব প্যানেল আলোচনাটি পরিচালনা করেন। তিনি বর্তমানের বৈশ্বিক প্রেক্ষাপট এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টি তুলে ধরেন।
প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রহিম আফরোজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও নিয়াজ রহিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের পরিচালক মির্জা সজিব রায়হান এবং বিশ্বব্যাংকের পার্টনার মো. মাহবুব আলম।
আলোচনায় আইইউবিতে এই মেজর চালুর তাৎপর্য, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যকার ব্যবধান দূর করার উপায়, বিভিন্ন শিল্পে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিবর্তন, বর্তমান চ্যালেঞ্জ এবং এই খাতে সফল ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হোসনে আরা আলী ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইউবির জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক আফনান ইউসুফ ও জেরিন মমতাজ চৌধুরী।






