৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) দুই দিনের কঠিন লড়াই ও তীব্র মানসিক চাপের পর এখন চলছে খাতা মূল্যায়নের প্রক্রিয়া। ফলাফলের জন্য অপেক্ষার এই অবসরে শুক্রবার বাংলাদেশসহ অংশগ্রহণকারী সব দেশের শিক্ষার্থীদের নিয়ে সাংহাই ডিজনিল্যান্ডে এক আনন্দভ্রমণের আয়োজন করে আয়োজক কর্তৃপক্ষ।

প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও শিক্ষার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে। ২০১৬ সালে চালু হওয়া চীনের মূল ভূখণ্ডের প্রথম এই ডিজনি পার্কটি ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও ডিজনির জাদুকরি দুনিয়ার এক অনন্য সংমিশ্রণ। এদিন পার্কটি পরিণত হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী গণিতবিদদের মিলনমেলায়।

পার্কে প্রবেশের পর শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে ‘এনচ্যান্টেড স্টোরিবুক ক্যাসেল’। পৃথিবীর সব ডিজনি পার্কের মধ্যে এটিই সবচেয়ে উঁচু, বৃহত্তম ও আকর্ষণীয় দুর্গ, যা রূপকথার জগৎকে বাস্তব করে তোলে।

এরপর শিক্ষার্থীরা পার্কের বিভিন্ন থিমভিত্তিক এলাকায় ঘুরে বেড়ায়। অনেকে বেছে নেয় জনপ্রিয় রোলার কোস্টার ‘ট্রন লাইটসাইকেল পাওয়ার রান’, যার তীব্র গতি সবাইকে রোমাঞ্চিত করে। এছাড়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ব্যাটল ফর দ্য সানকেন ট্রেজার’ রাইডের উন্নত মাল্টিমিডিয়া ও প্রজেকশন প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা জলদস্যুদের এক জীবন্ত অভিযানে অংশ নেয়।

শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ‘মার্ভেল ইউনিভার্স’ প্রদর্শনী। এখানে মার্ভেলের জনপ্রিয় সুপারহিরোদের আইকনিক কস্টিউম, অস্ত্রসরঞ্জাম ও বিভিন্ন প্রদর্শনী দেখে তারা অভিভূত হয়। বিশেষ করে আয়রন ম্যানের বিভিন্ন স্যুটের প্রতিরূপ তাদের কল্পনাশক্তির সীমানাকে আরও বিস্তৃত করে। সুপারহিরোদের সঙ্গে ছবি তোলার সুযোগও নেয় তারা। বিজ্ঞান, প্রযুক্তি ও কল্পনার এই মেলবন্ধন পরীক্ষার চাপ শেষে শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা।

উল্লেখ্য, ১৪ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হওয়া ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০ জুলাই পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১২০টি দেশ ও অঞ্চলের ৬৫০ জনের বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে।

এবারের বাংলাদেশ দলে রয়েছেন ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মনামী জামান, ঢাকা ইমপিরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষার্থী এম জামিউল হোসেন, চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান এবং ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান। দলের নেতৃত্ব দিচ্ছেন মাহবুবুল আলম মজুমদার এবং উপদলনেতা হিসেবে রয়েছেন অপূর্ব কুমার।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও মুক্তকণ্ঠের সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে এই ছয় সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হয়। দল নির্বাচন ও আনুষঙ্গিক সব আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।