চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় দ্রুতগতির বাসের ধাক্কায় চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জারটেক এলাকায় অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। সেই সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা ও বাসটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনা প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মরদেহ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।"