কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জগতে পা রাখলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভক্তদের সঙ্গে যোগাযোগের এক অভিনব মাধ্যম হিসেবে তিনি চালু করছেন নিজের এআই-চালিত ডিজিটাল রূপ। এই ডিজিটাল অবতারের মাধ্যমে ভক্তরা জানতে পারবেন তাঁর প্রিয় বই, গভীর রাতের ব্যক্তিগত ভাবনা, জীবন থেকে শেখা অভিজ্ঞতা এবং তাঁর জীবনের নানা গল্প।

কালেকটিভ আর্টিস্টস নেটওয়ার্কের ইন-হাউস এআই স্টুডিও 'গ্যালারি৫' এই প্রকল্পটি তৈরি করেছে। উন্নত এআই কথোপকথনপ্রযুক্তি, ভয়েজ সিনথেসিস এবং ইন্টারঅ্যাকটিভ ন্যারেটিভ প্রযুক্তির সমন্বয়ে এই ডিজিটাল রূপটি গড়ে তোলা হয়েছে। নির্মাতাদের দাবি, এটি কেবল জ্যাকুলিনের চেহারা বা কণ্ঠস্বরের অনুকরণ নয়, বরং তাঁর ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও জীবনদর্শনেরই প্রতিফলন।

এই ডিজিটাল জ্যাকুলিনের মূল আকর্ষণ হবে একটি ‘বুক ক্লাব’। সেখানে অভিনেত্রী এমন সব বইয়ের সুপারিশ করবেন, যা তাঁর ভাবনা ও জীবনকে প্রভাবিত করেছে। বইয়ের নামের পাশাপাশি প্রতিটি বই নিয়ে নিজের মন্তব্য, উপলব্ধি এবং পাঠের অভিজ্ঞতাও ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।

এছাড়া এই অবতারে থাকবে ‘২ এএম থটস’ নামের একটি বিশেষ বিভাগ। এখানে গভীর রাতে মনে আসা নানা ভাবনা, আত্মজিজ্ঞাসা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জীবনের বিভিন্ন অধ্যায়ের গল্প তুলে ধরা হবে। নির্মাতাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলিত তারকা-কেন্দ্রিক কনটেন্টে যেসব অনুভূতি বা ভাবনা জায়গা পায় না, সেগুলোই এই প্ল্যাটফর্মে প্রকাশ করবেন জ্যাকুলিন।

নিজের এই নতুন উদ্যোগ সম্পর্কে জ্যাকুলিন বলেন, ‘যে বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করে, সেগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নিতে আমি সব সময়ই ভালোবাসি। সেটা কোনো বই হতে পারে, কোনো আলাপ, জীবনের শেখা কোনো শিক্ষা কিংবা এমন কোনো ভাবনা, যা অনেক দিন ধরে আমার মনে রয়ে গেছে। এই অবতার আমাকে একেবারে নতুনভাবে সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গল্প বা অনুভূতি বলা সম্ভব হয় না, সেগুলোও এবার মানুষের কাছে পৌঁছে দিতে পারব।’

কালেকটিভ আর্টিস্টস নেটওয়ার্ক জানিয়েছে, এই প্রকল্পের উদ্দেশ্য কেবল প্রযুক্তি প্রদর্শন নয়, বরং প্রযুক্তির মাধ্যমে তারকা ও দর্শকের সম্পর্ককে আরও গভীর করা। একই সঙ্গে শিল্পীর নিজস্ব কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব অক্ষুণ্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে নিয়মিত নতুন বইয়ের তালিকা, আলাপ এবং ব্যক্তিগত কনটেন্ট যুক্ত করা হবে।

গ্যালারি৫ বিভিন্ন তারকার জন্য এআই অবতার তৈরির কাজ করলেও জ্যাকুলিনের এই প্রকল্পটিকে তারা আলাদা বলে মনে করছে। কারণ, এটি কোনো ব্র্যান্ড প্রচারের জন্য নয়, বরং সাহিত্য, চিন্তা ও ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একটি উদ্যোগ।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় জন্ম নেওয়া জ্যাকুলিন ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা খেতাব জয়ের পর ভারতে অভিনয়জীবন শুরু করেন। ২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী পরবর্তীতে সালমান খানের সঙ্গে ‘কিক’, ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজি এবং কন্নড় ভাষার একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তাঁর নতুন কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।