নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের বনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা একটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই এলাকায় লাশটি ভেসে আসলেও উদ্ধার হতে সময় লেগেছে প্রায় ২৬ ঘণ্টা। নৌ পুলিশ ও থানা পুলিশের মধ্যে দায়িত্ব নিয়ে মতভেদের কারণে এই বিলম্বের অভিযোগ উঠেছে। নৌ পুলিশের দাবি, লাশটি যে স্থানে আটকে ছিল, সেই এলাকা তাদের আওতাধীন নয়। অন্যদিকে, থানা পুলিশ জানিয়েছে, লাশটি গতকাল নৌ পুলিশের এলাকায় থাকায় উদ্ধার করা সম্ভব হয়নি; আজ তা থানা পুলিশের এলাকায় আসার পর উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, লাশটি অন্তত এক সপ্তাহের পুরোনো। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মৃত ব্যক্তির মুখমণ্ডলসহ পুরো শরীর পচে গেছে, ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন জানান, গতকাল বেলা ১১টার দিকে জোয়ারের পানির সঙ্গে লাশটি ভেসে এসে কেওড়া বাগানে আটকে ছিল। দীর্ঘদিন পানিতে থাকার কারণে লাশটিতে পচন ধরেছে। স্থানীয় কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। লাশটির বিষয়ে গতকালই পুলিশকে জানানো হয়েছিল।

ঘটনা প্রসঙ্গে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে গতকাল সন্ধ্যার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তখন লাশটির অবস্থান নদীর কাছাকাছি ছিল। এলাকাটি নৌ পুলিশের আওতাধীন। এ কারণে নৌ–পুলিশকে বিষয়টি জানানো হয়। তবে আজ সকালে নৌ পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দেখে লাশটি জোয়ারের পানিতে বনের ভেতরে ঢুকে গেছে। বিষয়টি জানতে পেরে নিঝুম দ্বীপ তদন্তকেন্দ্রের একটি দল লাশটি উদ্ধার করেছে।"

অন্যদিকে, নিঝুম দ্বীপ ইউনিয়ন নৌ পুলিশ কেন্দ্রের ইনচার্জ আশিকুর রহমান বলেন, "গতকাল রাতে তিনি লাশের বিষয়টি জেনেছেন। পরে আজ সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, লাশটি নদীর তীর থেকে প্রায় ৫০০ ফুট ভেতরে বনের মধ্যে। এই এলাকা নৌ পুলিশের আওতাধীন নয়। এ কারণে তাঁরা লাশটি উদ্ধার না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জেলা পুলিশকে জানিয়েছেন।"