আর্জেন্টিনার সেন্টারব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে নিয়ে করা নিজের কঠোর সমালোচনার বিষয়ে একচুলও সরতে নারাজ ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার গ্যারি নেভিল। সম্প্রতি রোমেরো তাঁকে ‘মূর্খ’ বলে আখ্যা দিলেও সেই প্রতিক্রিয়ায় দমে যাননি নেভিল, বরং আগের মন্তব্যগুলোকেই আরও জোরালোভাবে ব্যক্ত করেছেন তিনি।

রোমেরোর মন্তব্যের জবাবে নেভিল বলেন, ‘আমি আগে যা বলেছিলাম, তার সঙ্গে শুধু এটুকুই যোগ করতে চাই—তারা খুব সহজেই গোল উপহার দেয়। নকআউট পর্বের চার ম্যাচে তারা ইতিমধ্যে ৬টি গোল হজম করেছে।’

নেভিলের দাবি, রক্ষণভাগের ভুলে দল বিপদে পড়লেও শেষ পর্যন্ত লিওনেল মেসিই তাদের উদ্ধার করেছেন। তাই রোমেরো ও মার্তিনেজের প্রতিদিন মেসির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই দুজনের প্রতিদিন মেসিকে জড়িয়ে ধরা উচিত। কারণ, যখনই তারা বিপদে পড়েছে, মেসিই তাদের টেনে তুলেছে। অবশ্য আমি এটাও বলেছি, তারা অসাধারণ প্রতিভাবান এবং দেশের হয়ে তাদের জয়ের ক্ষুধা দেখার মতো। কিন্তু তারা কখনো অবিশ্বাস্য, আবার কখনো হাস্যকরও হয়ে ওঠে। প্রতিপক্ষের পেনাল্টি বক্সে প্রায় সব আক্রমণাত্মক হেড জিতে নেয়, আবার কখনো নিজেদের বক্সেও একইভাবে ভুল করে বসে।’

টটেনহাম ডিফেন্ডার রোমেরোকে খোঁচা দিয়ে নেভিল মনে করিয়ে দেন, গত মৌসুমে তিনি এমন একটি দলে খেলেছেন যারা প্রিমিয়ার লিগে অবনমনের শঙ্কায় ছিল এবং ৬৫টি গোল হজম করেছিল। আত্মবিশ্বাসের সাথে নেভিল বলেন, ‘আমি যখন কোনো খেলোয়াড়কে মূল্যায়ন করি, তখন আমি জানি আমি কী বলছি।’

সমালোচনার পাশাপাশি দুই ডিফেন্ডারের ব্যক্তিগত দক্ষতার প্রশংসা করে নেভিল বলেন, ‘রোমেরো অত্যন্ত প্রতিভাবান, লিসান্দ্রো মার্তিনেজও তা–ই। কিন্তু তারা অনেক ভুল করে এবং গোল হজম করে। তাদের খেলায় আমি একধরনের বৈপরীত্য দেখি। রোমেরো এখনো তুলনামূলক তরুণ; অভিজ্ঞ ডিফেন্ডার হিসেবে তার আরও বিকাশের সুযোগ আছে। যদিও তার অর্জন অবিশ্বাস্য—সে বিশ্বকাপ জিতেছে।’

পরিশেষে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের মূল কারিগর হিসেবে লিওনেল মেসিকেই চিহ্নিত করেন গ্যারি নেভিল। তাঁর মতে, রক্ষণভাগের চেয়ে মেসির অবদানই এখানে মুখ্য। তিনি বলেন, ‘লিওনেল মেসি ছাড়া ইংল্যান্ড ম্যাচ কিংবা গত দুটি টুর্নামেন্ট জেতা সম্ভব হতো না। আর্জেন্টিনা তাদের সেন্টারব্যাকদের জন্য জেতেনি, জিতেছে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের কারণে।’