দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেডের (আরপিএল) বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ সম্পন্ন হয়েছে। সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনব্যাপী এই সম্মেলনে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস, শাইন, সাপোর্ট ম্যাট, সুলভ পাইপ এবং আরএফএল বাথরুম ফিটিংসের ৫০০-এর অধিক পরিবেশক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর এন পাল, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মুরশেদ মুনীম, আরএফএল প্লাস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. আহসান হাবীব এবং হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ মোট আটটি সেলস ক্যাটাগরিতে সেরা ১০ জন পরিবেশককে সম্মাননা প্রদান করা হয়। আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এই সম্মাননাগুলো বিজয়ীদের হাতে তুলে দেন।
পরিবেশকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আর এন পাল ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের নতুন পণ্য, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং পরিবেশক, রিটেইলার ও মিস্ত্রিদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
আরএফএলের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ১৯৮১ সালে কাস্ট আয়রন (সিআই) পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে পিভিসি এবং ২০০৩ সালে প্লাস্টিক পণ্য উৎপাদনে যুক্ত হয় আরএফএল। বর্তমানে কাস্ট আয়রন, পিভিসি ও প্লাস্টিক—এই তিন খাতেই প্রতিষ্ঠানটি দেশের বাজারে শীর্ষস্থান দখল করে আছে এবং অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে।