জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামে আয়োজিত এক কৃষক সমাবেশের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশের পাশাপাশি এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল এবং সদস্যসচিব নির্বাচিত হয়েছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার টগরাই হাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
গোলাম মর্তুজা সেলিম এর আগে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও কৃষি সম্পাদক এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফখরুদ্দিন আহমেদ জাকি ও মো. আবদুল আজিজ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মজিবুর রহমান খোকন ও রাকিবুল হাসান রানা। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে নফিউল ইসলামকে।
সমাবেশে বক্তব্যে গোলাম মর্তুজা সেলিম বলেন, ‘দেশের খাদ্যনিরাপত্তার মূল ভিত্তি কৃষক। অথচ কৃষকেরা এখনো উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য, উৎপাদন উপকরণের সহজলভ্যতা ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত। এ বাস্তবতা পরিবর্তনে জাতীয় কৃষক শক্তি কাজ করবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কৃষক করুণার পাত্র নয়, রাষ্ট্রের নীতিনির্ধারণে অংশীদার হবে। কৃষকের অধিকার প্রতিষ্ঠা জাতীয় উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার অন্যতম ভিত্তি হবে।’
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সভাপতিত্বে এই সমাবেশটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ ও গোলাম মর্তুজা সেলিম।
অনুষ্ঠানে জাতীয় কৃষক শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল একটি ঘোষণাপত্র পাঠ করেন। একই সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।






