মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের কাস্টার্ড কেক ও ব্রেড (পাউরুটি) বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে সাধারণ মানুষকে এসব পণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই প্রত্যাহারের নির্দেশনার কথা জানিয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ল্যাব পরীক্ষায় তিনটি নির্দিষ্ট পণ্যে ক্ষতিকর মাত্রায় অতিরিক্ত প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে। জনস্বাস্থ্যের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে পণ্যগুলো বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যাহারের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডকে তাদের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে। এছাড়া আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডকে তাদের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
পণ্য প্রত্যাহারের পাশাপাশি বিএফএসএ এই তিন কোম্পানিকে উক্ত খাদ্যপণ্যের বিপণন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, এর আগে ৩ জুলাই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ইষ্ট বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছিল।