গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় সমাপনী বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন দলের ওই উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই কর্মসূচির ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকাশিত ৫৮ সেকেন্ডের ভিডিওটিতে শফিজল ইসলামকে বলতে শোনা যায়, ‘আমি সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নের নির্বাচনের জন্য বিভিন্ন মানুষের পাড়া–মহল্লায় গিয়ে কথা বলতাছি। অত্যন্ত সাড়া পাচ্ছি। ইনশা আল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, আশা করি আমাকে কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে হাফ কিলোমিটার দূরে জামালপুর ইউনিয়ন। আপনারা সহযোগিতা করলে চেয়ারম্যান পদে কেউ আমাকে ঠেকাতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।’ তবে এই কথা বলার পরপরই তিনি ‘সরি, সরি’ বলে মঞ্চ থেকে নেমে যান।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই পথসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমাইয়া ফারজানা এবং গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঘটনার পর রাতে শফিজল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে রাত পৌনে ১০টার দিকে এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম মুঠোফোনে জানান, ‘শফিজল ইসলাম আগে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকায় তাঁর জনপ্রিয়তা আছে। তাই তাঁকে সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত করা হয়েছে। তিনি বিপুলসংখ্যক মানুষের সামনে কখনো বক্তব্য দেননি। তাই ভুল করে বলে ফেলেছেন জয় বাংলা।’