গাজীপুরের কালিয়াকৈরে রাতের অন্ধকারে একটি কেন্দ্রীয় কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এই ঘটনাটি ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে এলাকাবাসী বিষয়টি জানতে পারেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে কবরস্থানটিতে আগাছা জন্মেছিল। আজ সকালে আগাছা পরিষ্কার করতে গিয়ে এলাকাবাসী বেশ কিছু কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। এরপর কবরের মাটি সরিয়ে দেখা যায়, সেখানে লাশ নেই। খবরটি ছড়িয়ে পড়লে গোরস্তানে দাফন করা ব্যক্তিদের স্বজনরা দ্রুত সেখানে উপস্থিত হন। এসময় এলাকাবাসী কবর খোঁড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখেন এবং অনুসন্ধানের পর নিশ্চিত হন যে, মোট ৯টি কবরে কঙ্কাল নেই। পরবর্তীতে সকালেই খোঁড়া কবরগুলোতে পুনরায় মাটি চাপা দেওয়া হয়।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা সাদিক মিয়া বলেন, "রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। আশপাশের কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে কি না, তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।"
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কঙ্কাল চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও বলেন, "কঙ্কাল চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"