দেশের বিভিন্ন জেলায় হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭১ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৭৪ জন।
মৃত শিশুদের মধ্যে ঢাকায় তিন শিশু, খুলনায় দুই শিশু এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে একজন করে শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৮৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ১৩৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৪ শিশুর। সব মিলিয়ে মোট আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ২৪২ জনে দাঁড়িয়েছে।
গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মোট ৯৭ হাজার ৮১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং এর মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।