কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করে দোহা থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে গত ১৪ জুলাই দুপুরে সংক্ষিপ্ত সরকারি সফরে দোহায় গিয়েছিলেন স্পিকার। সেখানে গত মঙ্গলবার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করেন তিনি। উল্লেখ্য, প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানি বর্তমান আমিরের পিতা।
শোকবার্তা হস্তান্তরের সময় স্পিকার কাতারের আমিরসহ শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া সফরকালে হাফিজ উদ্দিন আহমদ কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।
গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন শেখ হামাদ। তাঁর মৃত্যুতে গতকাল বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।