রাজধানীর উত্তরায় দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে তাঁদের এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার গভীর রাতে রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনের বিআরটি লেনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।

পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচটি বড় পর্দায় দেখছিলেন এই দুই সাংবাদিক। এরপর মোটরসাইকেলে করে বিআরটি লেন দিয়ে বাসায় ফেরার পথে পেছন দিক থেকে একটি দূরপাল্লার বাস তাঁদের মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই আহত দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, হাসপাতালে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত দুই সাংবাদিকের বাড়ি টঙ্গীতে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ মুক্তকণ্ঠকে বলেন, "বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলসহ আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার সুনির্দিষ্ট ফুটেজ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিআরটি লেনের অন্য কোনো স্থানে সিসিটিভি ক্যামেরা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"

এদিকে, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর মুক্তকণ্ঠকে জানান, "পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ নিয়ে গেছেন স্বজনেরা।"

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।