নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ছুরিকাঘাতে মো. ফারুক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলপুর বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এই ঘটনা ঘটে। নিহত ফারুক ওই উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। আটককৃতরা হলেন একই এলাকার বাসিন্দা মো. আরশাদ প্রকাশ (২৮) ও তাঁর সহযোগী মো. সাজ্জাদ হোসেন (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. আরশাদ প্রকাশের বিরুদ্ধে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। ফারুক তাঁকে এই কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ করলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে গতকাল রাতে ফারুক যখন দোকানে বসে চা পান করছিলেন, তখন পেছন থেকে হঠাৎ তাঁর ওপর ছুরি দিয়ে হামলা করেন আরশাদ।
আঘাতপ্রাপ্ত অবস্থায় ফারুককে দ্রুত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে তাঁকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
হামলা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আরশাদকে ধরে পিটুনি দেন এবং তাঁর সহযোগী সাজ্জাদকেও আটক করা হয়। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে হেফাজতে নেয়।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, "হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"