দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার আগামী তিন বছরের (২০২৬–২৯) জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এই পর্ষদের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি, সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করতে গত ৪ জুন থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মিজানুর রহমান খান।

নবনিযুক্ত চেয়ারপারসন এম জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক হিসেবেও কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষাবিদ হিসেবে তিনি কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্টার্লিং এবং ফিলিপাইনের এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সিনিয়র ফেলো ও ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্ষুদ্রঋণ, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু অর্থায়ন বিষয়ে গবেষক হিসেবে দেশি-বিদেশি জার্নালে তাঁর প্রায় ৩০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়া বিশ্বব্যাংক, ইউএনডিপি ও ডিএফআইডিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি উন্নয়ন ও গবেষণার কাজে তিনি বিশ্বের ৭০টির বেশি দেশ ভ্রমণ করেছেন।

অন্যদিকে, ভারপ্রাপ্ত সিইও মো. মিজানুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৭ সালে এলাকা সমন্বয়কারী হিসেবে প্রশিকায় তাঁর কর্মজীবন শুরু হয়। দীর্ঘ প্রায় তিন দশকের অভিজ্ঞতায় বিভিন্ন পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের পর তিনি পরিচালক পদে উন্নীত হন। ময়মনসিংহের গৌরীপুরে বাড়ি থাকা এই কর্মকর্তা মাঠপর্যায় থেকে উঠে আসা একজন সংগঠক হিসেবে পরিচিত।

নতুন পরিচালনা পর্ষদে ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গ্যানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহীদ উজ জামান। ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন শমরিতা হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম তুহিন। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট নারী অধিকার কর্মী ও উন্নয়নকর্মী রফিকা আক্তার। সদস্য হিসেবে আছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সমাজকর্মী মো. আবদুল খালেক তালুকদার এবং সমাজকর্মী রেণুকা বিশ্বাস।

পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভিন বরুণ ব্যানার্জী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন শামস এবং সেন্টার ফর ও ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসের (সিডিআইপি) নির্বাহী পরিচালক মিফতাহ নাইম হুদা।

সংশ্লিষ্ট ব্যক্তি ও উন্নয়ন সহযোগীরা আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্বের অধীনে প্রশিকা প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে এবং সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত হবে।