শিশুদের মানবিক মূল্যবোধের সাথে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘মানুষ গড়ার কারিগর’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, খেয়াল রাখতে হবে কোনো শিশু যেন নির্দয় হয়ে বেড়ে না ওঠে। সেটি প্রাণী হোক বা পশুপাখির প্রতি হোক। কারও প্রতি যেন তারা নির্দয় না হয়। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ গড়তে মানবিক সৈনিক দরকার। আর এই মানবিক সৈনিক আপনারা গড়ে তুলবেন। আর শিশুরা মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’

অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ এ অনুষ্ঠানে এসে মনে হচ্ছে আমি একটি কারখানায় ঢুকে পড়েছি। যেখানে সবাই মানুষ গড়ার কারিগর।’ সারা দেশ থেকে আসা শিক্ষকদের প্রতি তিনি গুরুত্বারোপ করে বলেন, ‘শিশুদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়তে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারাই পারেন শিশুদের মধ্যে পারিবারিক, সামাজিক মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে।’

শিক্ষকদের সীমাবদ্ধতা ও সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘জানি, আপনাদের কিছু সীমাবদ্ধতা আছে, কিছু সংকট আছে। সেগুলো আমরা সমাধানের চেষ্ট করব। তবে আপনাদের জন্য ভালো প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। যেন আপনারা অর্জিত সেই জ্ঞান শিক্ষার্থীদের মধ্যেও সঠিকভাবে ছড়িয়েছে দিতে পারেন।’

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিবছর একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তোমরা প্রতিবছর বর্ষাকালে একটি করে গাছ লাগাবে। গাছটাও বড় হবে, সঙ্গে তোমরাও বড় হবে। গাছই হবে তোমাদের বন্ধু। গাছের নিচে বসে ক্লান্তি দূর হবে, শান্তি পাবে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত এবং গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদানের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। সূচনা বক্তব্য প্রদান করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

দেশজুড়ে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত সেরা শিক্ষার্থী এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানসমূহকে এই অনুষ্ঠানে পদক প্রদান করা হয়। এছাড়া খুদে শিক্ষার্থীদের মধ্যে ‘মোবাইল শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক’ বিষয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা এবং গান, কবিতা, নাচ ও নাটকের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা প্রধানমন্ত্রী তারেক রহমান উপভোগ করেন।