দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর তিনটি নতুন মডেলের নিরাপত্তা ক্যামেরা নিয়ে এসেছে শাওমি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাওমি বাংলাদেশ জানিয়েছে, ‘শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১’, ‘শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১’ এবং ‘শাওমি সিডব্লিউ১০০ ডুয়েল’ মডেলের এই ক্যামেরাগুলোতে এআই ডিটেকশন প্রযুক্তি ব্যবহারের ফলে উচ্চমানের ছবি পাওয়া যাবে। এছাড়া এনক্রিপশন সুবিধার কারণে অনলাইন মাধ্যমে বাসা বা অফিসের ফুটেজ দেখা যাবে সম্পূর্ণ নিরাপদে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইনডোর ব্যবহারের জন্য তৈরি ‘শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১’ মডেলে রয়েছে এআই-নির্ভর হিউম্যান অ্যান্ড পেট ডিটেকশন সুবিধা, যা তাৎক্ষণিক সতর্কবার্তা প্রদান করতে সক্ষম। ১০৮০ পিক্সেলের ফুল এইচডি ভিডিও ধারণক্ষমতা সম্পন্ন এই ক্যামেরাটিতে উন্নত ইনফ্রারেড নাইট ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৩৬০ ডিগ্রি প্যানোরামিক মোডে ছবি তুলতে সক্ষম এই ক্যামেরার লেন্স প্রয়োজনে ঢেকে রাখার সুবিধাও রয়েছে।

অন্যদিকে, ‘শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১’ মডেলটি ২৩০৪ বাই ১২৯৬ পিক্সেল রেজোল্যুশনে ভিডিও ধারণ করতে পারে। এতে ইন্টেলিজেন্ট এআই হিউম্যান ডিটেকশন প্রযুক্তির পাশাপাশি ডুয়েল-গিম্বল রোটেশন থাকায় ৩৬০ ডিগ্রি ফরম্যাটে ভিডিও দেখা সম্ভব। এছাড়া এই মডেলে প্রাইভেসি মোড, এনক্রিপ্টেড কমিউনিকেশন ও সিকিউর ক্লাউড সুবিধা যুক্ত করা হয়েছে।

ঘরের বাইরের অংশে ব্যবহারের উপযোগী ‘শাওমি সিডব্লিউ১০০ ডুয়েল’ মডেলটি ২৩০৪ বাই ১২৯৬ পিক্সেল রেজোল্যুশনে ছবি ধারণ করতে পারে। এআই হিউম্যান ডিটেকশন ছাড়াও এতে মানুষ ও যানবাহন শনাক্তকরণ প্রযুক্তি, ভার্চ্যুয়াল ফেন্স অ্যালার্ট এবং একটি অ্যাকটিভ অডিও-ভিজ্যুয়াল অ্যালার্ম সুবিধা দেওয়া হয়েছে। তিনটি ক্যামেরার দাম যথাক্রমে ৩ হাজার ৯৯ টাকা, ৪ হাজার ৮৯৯ টাকা ও ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, “বর্তমানে প্রকৃত নিরাপত্তা বলতে নির্দিষ্ট স্থানের ছবি দেখার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকেও বোঝায়। স্মার্ট ক্যামেরা সি২০১, স্মার্ট ক্যামেরা সি৩০১ ও আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল বাজারে আনার মাধ্যমে শাওমি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এনক্রিপ্টেড ডেটা ট্রান্সমিশন–প্রযুক্তি পৌঁছে দিয়েছে। ফলে পরিবার থেকে শুরু করে ছোট ব্যবসাপ্রতিষ্ঠান, ক্লিনিকসহ যাঁরা সংবেদনশীল ফুটেজ সংরক্ষণ করতে চান, তাঁরা সবাই সর্বোচ্চ নিরাপত্তা পাবেন।”