বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেননি, তাঁদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ওই শিক্ষার্থীরা। চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে তাঁদের এই পরীক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া হবে।
পাশাপাশি, পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল থাকার বিষয়টি উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, ওই দুটি প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে। আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধির আওতায় দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।






