চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং ৩৫ লাখ টাকা লুটের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চকবাজার থানা ও ডিবি পুলিশ এই আটজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোহাম্মদ ইউনুস, ইমরান হোসেন, আকবর হোসেন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মনির, গিয়াস উদ্দিন, মোহাম্মদ নয়ন ও আবদুল নাহিদ।
আজ বুধবার বেলা তিনটায় নগরের দামপাড়া নগর পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহমেদ। তিনি বলেন, "গোপন তথ্যের ভিত্তিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।"
পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে চার থেকে পাঁচটি করে মামলা রয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ফয়সাল আহমেদ বলেন, "আসামিদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানা যাবে।"
এদিকে, গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অডিও ছড়িয়ে পড়ে। সেখানে ইমন নামের এক ব্যক্তি অন্য একজনকে বলতে শোনা যায়, তারা ব্যবসাপ্রতিষ্ঠানে ছুরি ও কিরিচ নিয়ে হামলা করেন না এবং তাদের হামলার ধরন পুরো চট্টগ্রামবাসী জানে। এই অডিওর বিষয়ে ফয়সাল আহমেদ বলেন, "সন্ত্রাসীরা নিজেদের বাঁচাতে অনেক রকম কথা বলেন।" তিনি আরও জানান, এ পর্যন্ত অস্ত্রবাজির ঘটনায় জড়িত অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় 'ডিজিটাল ডট নেট' নামের একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার রাতেই চকবাজার থানায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা ওই প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হঠাৎ ডিডিএন কার্যালয়ে ঢুকে পড়ে এবং দেশি অস্ত্র দিয়ে কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মুঠোফোন ও আসবাবপত্র ভাঙচুর করে। ফুটেজে একজনকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে আঘাত করতে এবং কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখাতে দেখা যায়।
এই ঘটনার পর জড়িতদের গ্রেপ্তার না করলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সদস্যরা এক সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এরপর একই দাবিতে প্রেসক্লাবের সামনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী মানববন্ধন করেন।