সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার তারকা আইইউর জন্য বর্তমান সময়টি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বিতর্ক এবং সমালোচনার মুখে পড়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি লি জং-সকের সঙ্গে চার বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের ইতি টানার খবর সামনে আসার পর আইইউর ব্যক্তিগত জীবন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে কেবল ব্যক্তিগত জীবন নয়, পেশাগত এবং রাজনৈতিক ইস্যু নিয়েও তাকে মোকাবিলা করতে হচ্ছে তীব্র সমালোচনার।

চলতি বছর এমবিসির কে ড্রামা ‘পারফেক্ট ক্রাউন’ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। মে মাসে সমাপ্ত হওয়া এই নাটকটি দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেলেও শেষ পর্বের আগে ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগে সমালোচকদের তোপের মুখে পড়ে। অভিযোগ ওঠে যে, অভিষেক অনুষ্ঠানের একটি দৃশ্যে সরকারি কর্মকর্তাদের মুখে ‘চনসে’ শব্দটি ব্যবহার করা হয়েছে, যা ঐতিহাসিকভাবে সম্রাটকে অধীন রাষ্ট্রের পক্ষ থেকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হতো। এছাড়া সহশিল্পী বিয়ন উ-সকের পরিহিত রাজকীয় মাথার অলংকারের ঐতিহাসিক সত্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

বিতর্ক চরম আকার ধারণ করলে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন আইইউ। এক বিবৃতিতে তিনি বলেন, “প্রধান অভিনেত্রী হিসেবে যে দায়িত্ববোধ দেখানো উচিত ছিল, তা দেখাতে না পারায় তিনি গভীরভাবে দুঃখিত।” চরিত্রটি আরও গভীরভাবে বিবেচনা না করেই গ্রহণ করার জন্য অনুতপ্ত হয়ে তিনি আরও বলেন, “আমার কোনো অজুহাত নেই।” পরবর্তীতে এই একই ঘটনায় সহশিল্পী বিয়ন উ-সক, চিত্রনাট্যকার ইউ জি-ওন এবং পরিচালক পার্ক জুন-হাও-ও ক্ষমা চেয়েছেন।

এর পাশাপাশি গত মাসে একটি রাজনৈতিক ইস্যুতেও অনলাইন আক্রমণের শিকার হয়েছেন এই তারকা। সব মিলিয়ে একের পর এক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আইইউ।