দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর মঞ্চে অভিনয়ে ফিরছেন প্রখ্যাত নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। স্পর্ধা একাডেমির প্রযোজনা 'গোলমাথা আর চোখামাথা' নাটকে তিনি একজন বিচারকের অতিথি চরিত্রে অভিনয় করবেন।

জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের এই নাটকটি অনুবাদ করেছেন অনিরুদ্ধ অনু এবং পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন মহসিনা আক্তার। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তিন দিনে নাটকটির মোট পাঁচটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীগুলোর সময়সূচি হলো— ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৪ জুলাই বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ২৫ জুলাই বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়।

গতকাল মুক্তকণ্ঠকে সৈয়দ জামিল আহমেদ জানান, ১৯৮৪ সালে 'ফণীমনসা' নাটকের পর তিনি আর মঞ্চে অভিনয় করেননি। বর্তমান নাটকটি সম্পর্কে তিনি বলেন, “ছাত্রীর (মহসিনা আক্তার) নির্দেশনায় কাজ করছি। এটা আমার জন্য গৌরবের বিষয়। মহসিনা আমার চেয়ে ভিন্ন পদ্ধতিতে কাজ করেন। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই আনন্দের। নাটকটিতে বেবি বুমার থেকে জেনজি—চার প্রজন্মের মেলবন্ধন ঘটছে।”

অভিনয়ে ফেরার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, “একজন নির্দেশকের মঞ্চে কাজ করা দরকার। মঞ্চে অভিনয় করলে অভিনয়ের সংকটটা বোঝা যায়। অভিজ্ঞতাটি নির্দেশক হিসেবে আমার কাজে লাগবে।”

নাটকটিতে সৈয়দ জামিল আহমেদ ছাড়াও তিতাস জিয়া, ফাইযা চৌধুরী, ফাতিমা নুজহাত কাদেরী, শামস ইমন, ইভা আফরোজ খান এবং নুসরাত জাহানসহ আরও অনেকে অভিনয় করছেন। উল্লেখ্য, মহসিনা আক্তার এর আগে স্পর্ধা একাডেমি অব পারফর্মিং আর্টসের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নাটকটি মঞ্চস্থ করেছিলেন।

নাটকটির টিকিট বর্তমানে কুইকিটে ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ এর আগে চাকা, বিষাদসিন্ধু, এক হাজার অউর এক থি রাতে, বেহুলার ভাসান, সঙ ভঙ চঙ, রিজওয়ান, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, বিস্ময়কর সবকিছু এবং আমি বীরাঙ্গনা বলছিসহ একাধিক নাটকের নির্দেশনা দিয়েছেন।