নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি পোশাক কারখানার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর চারটার দিকে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গুদামে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই তা গুদামের বিভিন্ন অংশে দ্রুত ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পাওয়ার পরপরই আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও আটটি ইউনিট সেখানে যোগ দেয়। দীর্ঘ তিন ঘণ্টার লড়াই শেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার শ্রমিকদের দেওয়া তথ্যানুযায়ী, ভোরের দিকে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর জানান।
আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তিনি বলেন, "পরে আশপাশের আরও আটটি ইউনিট যোগ দিলে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন জানান, কাপড়ের গুদাম হওয়ায় কিছু জায়গায় এখনো অল্প অল্প আগুন জ্বলছে, তবে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তিনি আরও জানান, গুদামটি ছিল স্টিলের কাঠামোর সেমি পাকা ভবন এবং ভেতরে কাপড়ের রোল রাখা ছিল। আগুনের প্রচণ্ড তাপে ভবনের স্টিলের কাঠামোর একটি অংশ ধসে পড়েছে। ছালেহ উদ্দিন বলেন, "আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।"
এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।






