গোপনীয়তা রক্ষা এবং ব্যবহারকারীদের তীব্র আপত্তির মুখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি তৈরির নতুন একটি সুবিধা প্রত্যাহার করে নিয়েছে মেটা। গত সপ্তাহে চালু হওয়া এই ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রামের যেকোনো পাবলিক অ্যাকাউন্টের ছবি ও অন্যান্য কনটেন্ট ব্যবহার করে নতুন ছবি তৈরি কিংবা সম্পাদনা করা সম্ভব ছিল। তবে গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়ায় এবং ব্যবহারকারীদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নেয়।
মেটা সুপারইনটেলিজেন্স ল্যাবসের তৈরি 'মিউজ ইমেজ' নামক এআই মডেলের এই সুবিধার মাধ্যমে মেটা এআই চ্যাটবট ব্যবহারকারীরা অন্যের ছবি কাজে লাগিয়ে কৃত্রিমভাবে নতুন ছবি তৈরি বা মূল ছবি সম্পাদনা করতে পারতেন। এই ফিচারটি চালুর পরপরই ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে হলিউডের অভিনয়শিল্পীদের সংগঠন স্যাগ-আফট্রাসহ বিভিন্ন গোপনীয়তা রক্ষা বিষয়ক সংগঠনগুলো এর তীব্র বিরোধিতা করে আসছিল।
এই বিষয়ে এক বিবৃতিতে মেটা জানিয়েছে, "ব্যবহারকারীদের মতামত বিবেচনা করে সুবিধাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া থেকে আমরা বুঝতে পেরেছি, সুবিধাটি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এটি আর চালু রাখা হচ্ছে না।"
মেটার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্যাগ-আফট্রার একজন মুখপাত্র বলেছেন, "অনুমতি ছাড়া কারও ডিজিটাল প্রতিরূপ তৈরির ঝুঁকি এখন সবারই জানা। এমন কোনো সুবিধা চালু রাখা উচিত নয়। এটি বন্ধ করার সিদ্ধান্ত দায়িত্বশীল পদক্ষেপ।"
তীব্র সমালোচনার মুখে নির্দিষ্ট এই সুবিধাটি প্রত্যাহার করলেও নিজেদের এআইনির্ভর পরিকল্পনা বাস্তবায়নের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এই সুবিধাটি শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য তৈরি করা হয়েছিল। তবে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জারে আরও নতুন এআই সুবিধা যুক্ত করা হবে। পাশাপাশি এআই দিয়ে ভিডিও তৈরির একটি ফিচার নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।






