মুন্সিগঞ্জের মাওয়াঘাটে পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭-এর ‘কৌশলগত পরিকল্পনা কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ১১ জুলাই অনুষ্ঠিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল সংগঠনের জন্য একটি শক্তিশালী, কার্যকর ও প্রাণবন্ত নেটওয়ার্ক গড়ে তোলার রূপরেখা প্রণয়ন করা।
কর্মশালার উদ্বোধন করেন ডুপার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। সূচনা বক্তব্যে ডুপার মহাসচিব ও অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর এই আয়োজনের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরেন। সেশনটি পরিচালনা করেন ডুপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কর্মশালা বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক ড. এ কে এম সাইফুল্লাহ্।
দিনব্যাপী এই আয়োজনে ‘ড্রিমিং ফিউচার ডুপা’, ‘ড্রিম টার্নিং ইনটু রিয়েলিটি’ এবং ‘অ্যাকশন প্ল্যান প্রিপারেশন’ শীর্ষক বিষয়গুলোর ওপর দলভিত্তিক মতবিনিময় ও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ডুপার দীর্ঘমেয়াদি ভিশন এবং লক্ষ্য অর্জনের কৌশল নিয়ে গঠনমূলক প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনার প্রেক্ষিতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মশালায় ডুপাকে একটি আধুনিক, গতিশীল ও পেশাদার সংগঠনে রূপান্তর, সদস্যদের মধ্যে দৃঢ় যোগাযোগ স্থাপন, তরুণ ও প্রবীণ গ্র্যাজুয়েটদের অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি এবং সামাজিক দায়বদ্ধতা ও পেশাগত উন্নয়নের বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জালাল আহমেদ বলেন, “একটি সংগঠনকে দীর্ঘ মেয়াদে সফল করতে হলে পরিকল্পিত চিন্তা, ধারাবাহিক কর্মপরিকল্পনা এবং সবার সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।” তিনি আরও উল্লেখ করেন যে, এই উদ্যোগ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন দৃঢ় করবে এবং ডুপাকে একটি অনুকরণীয় সংগঠনে পরিণত করবে।
ডুপা মহাসচিব এ এস এম হুমায়ুন কবীর তাঁর বক্তব্যে বলেন, “একটি অ্যালামনাই সংগঠনের প্রকৃত শক্তি নিহিত থাকে তার সদস্যদের সক্রিয় সম্পৃক্ততায়।” তিনি আরও জানান, ডুপার ইতিহাসে কৌশলগত পরিকল্পনা কেন্দ্রিক এই প্রথম এমন কর্মশালা অনুষ্ঠিত হলো। তাঁর মতে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ডুপা সদস্যদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং বৃহত্তর সমাজের জন্য একটি অনুপ্রেরণাদায়ক প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুপার ভাইস প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী; ভাইস প্রেসিডেন্ট ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফরহাদ জেসমীন লিটি; ডুপার যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ; যোগাযোগ-প্রকাশনা সম্পাদক ও যুগ্ম সচিব রত্না শারমীন ঝরা; সাংগঠনিক সম্পাদক ও ডেভেলপমেন্ট প্রাকটিশনার হোসনে আরা বেগম; সংস্কৃতিবিষয়ক সম্পাদক মঈনা খাতুন তুলি; যুগ্ম শিক্ষা ও গবেষণা সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোসা. শামসুন্নাহার হীরা; মিডিয়া ও প্রচার সম্পাদক ও এসবিএসি ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা মোঃ আসাদুল্লাহিল গালিব; দপ্তর সম্পাদক ও ব্যবসায় উদ্যোক্তা সাইফুল ইসলাম; কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত ব্যাংকার আসাদুল মাহবুব সালাম (নিপু); সমাজকর্মী মোহাম্মদ এরশাদ খান, ঢাকা মাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপক (সিনিয়র সহকারী সচিব) রফিকুল হক এবং ব্যবসায় উদ্যোক্তা মো. সাইফুল্লাহ।
কর্মশালার এক পর্যায়ে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ার জন্য রত্না শারমীন ঝরাকে ডুপার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।






