আন্তর্জাতিক উচ্চশিক্ষার অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ইথিওপিয়ায় অনুষ্ঠিত 'কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬'-এ অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। গত ৯ ও ১০ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার শেরাটন আদ্দিস হোটেলে এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ফোরাম অনুষ্ঠিত হয়। সেখানে উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখা, দক্ষ মানবসম্পদ তৈরি, মেধাবীদের ধরে রাখা, আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং টেকসই শিক্ষাব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‘স্কিলস, সিস্টেমস অ্যান্ড সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফোরামে এআইইউবি বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের সক্ষমতা, আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ এবং গবেষণার সম্ভাবনাগুলো তুলে ধরে।
এআইইউবি-র পক্ষে এই ফোরামে প্রতিনিধিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক খন্দকার তাবিন হাসান এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন। ফোরাম চলাকালীন প্রতিষ্ঠানটি বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
প্রস্তাবিত কিউএস বাংলাদেশ ফোরাম দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র্যাঙ্কিং উন্নয়ন, আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি এবং বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংযোগ আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবি-র এই অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উচ্চশিক্ষার উপস্থিতি বৃদ্ধি এবং বৈশ্বিক সহযোগিতার নতুন পথ উন্মোচনের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।






